বরিশালের বেলস পার্ক মাঠের জনতার ঢল। এই মাঠেই আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ২০ বছর পর বরিশালে আসছেন তিনি।
বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ড থেকে শুরু করে ৬ জেলা আর ৪৪ উপজেলার বিএনপি নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে বেলস পার্ক মাঠে জড়ো হচ্ছেন।
মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জানান, অতীতের যে জনসভার রেকর্ড ভেঙে সর্বোচ্চ সংখ্যক মানুষ আজ তারেক রহমানের জনসভায় যোগ দেবেন বলে আশা করছি আমরা। সবাই আসছেন গনতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি চেয়ারম্যানের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে। নগরীর বাইরে জেলা-উপজেলা থেকে বাস লঞ্চ বোঝাই হয়ে নেতাকর্মীরা আসছেন জনসভার উদ্দেশ্যে। অনেক আবার ইঞ্জিনচালিত ট্রলারের বহর নিয়ে নদীর বুক চিড়ে ছুটছেন জনসভার উদ্দেশ্যে।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, দুপুর ১২টায় হেলিকপ্টারে করে বরিশালে এসে পৌঁছাবেন তারেক রহমান। সাড়ে ১২টা নাগাদ সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। জনসভা সফলে সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় বিএনপি।
বরিশালের সমাবেশ শেষে ফরিদপুরে বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।


